কোনো বিশেষ দল বা বিশেষ সরকার নয় বাংলাদেশের জনগণের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে চায় ভারত বলে জানিয়েছেন সফররত পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। শুক্রবার রাজধানীর একটি হোটেলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
বর্তমানে দেশে গণতন্ত্র নেই দাবি করে গণতন্ত্রের পুনরুদ্ধারে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর কাছে সহযোগিতা চেয়েছেন খালেদা জিয়া।
পরে এক ব্রিফিংয়ে বিএনপির পক্ষ থেকে এসব কথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান ও ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী।
সকাল সাড়ে ১০টায় শুরু হওয়া ৪০ মিনিটব্যাপী এ সাক্ষাতকালে খালেদা জিয়া সীমান্ত সমস্যা ও তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে পারস্পরিক লাভের ভিত্তিতে কাজ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান খালেদা বলে জানান তিনি।
সেইসঙ্গে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কেও সুষমাকে অবহিত করেন খালেদা জিয়া।
খালেদার বক্তব্যের পরিপ্রেক্ষিতে সুষমা স্বরাজ তাকে বলেন, ভারত-বাংলাদেশসহ সার্কভুক্ত সব দেশের গণতন্ত্র সুসংহত দেখতে চায় ভারত।
তিনি আরো বলেন, ভারতের নতুন সরকার কোনো বিশেষ দল কিংবা বিশেষ সরকার নয়, পিপল-টু-পিপল সম্পর্ককে গুরুত্ব দিতে চায় তারা।