ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরকে দেশটির জাতীয় স্বার্থ রক্ষার সফর হিসেবে দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। দ্বিপাক্ষিক আলোচনায় তিস্তা নদীর পানি বণ্টন ও স্থলসীমান্ত চুক্তির মতো অমীমাংসিত বিষয়গুলো প্রাধান্য না পাওয়ায় সমালোচনা করেন তারা। দেশের স্বার্থ রক্ষা করেই ভারতকে বিভিন্ন সুবিধা দিতে সরকারের প্রতি পরামর্শ তাদের।
ভারতে বিজেপি সরকার গঠনের পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ তার প্রথম বিদেশ সফরে আসেন বাংলাদেশে। তিন দিনের ঢাকা সফরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলের নেতাসহ বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে সৌজন্য স্বাক্ষাৎ করেন তিনি। এ সময় দ্বিপাক্ষীক বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।
এ সফরকে সুষমা স্বরাজের পক্ষ থেকে সৌজন্য সফর উল্লেখ করা হলেও আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন, ভারতে স্বার্থ সংশ্লিষ্ট বিষয়েই সুষমার এ সফর।
দুই দেশের অতীত সম্পর্কের উদাহরণ টেনে অধ্যাপক শাহাবুদ্দিন বলেন, বাংলাদেশ সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে নিজের স্বার্থে রক্ষা করে চলেছে ভারত। সুষমার এ সফর, বাংলাদেশের সঙ্গে মোদি সরকারেরও সে সদ্ভাব বজায় রাখার ইঙ্গিত।
ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকালে একটি সেমিনারে প্রতিবেশী দেশগুলোতে সুষ্ঠু গণতন্ত্র চর্চ্চার বিষয়ে সুষমা স্বরাজের দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ইমতিয়াজ আহমেদ এ সফরকে দেখছেন একটু ভিন্নভাবে।
তবে দুই জনেই দেশের স্বার্থ রক্ষায় অমীমাংসিত বিষয়গুলো সমাধানে পদক্ষেপ নিতে সরকারের প্রতি তাগিদ দেন।