ভারতের সঙ্গে সমুদ্রসীমা নিষ্পত্তির রায় যাতে বাংলাদেশের পক্ষে আসে সেজন্য দেশবাসীর দোয়া চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সপ্তাহের মধ্যে সমুদ্রসীমা নিষ্পত্তির রায় পাওয়ার যাবে— উল্লেখ করে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, মিয়ানমারের মতো ভারতের সঙ্গে সমুদ্রসীমা বিরোধের রায় বাংলাদেশের পক্ষে আসবে।
সমুদ্রসীমায় যে সম্পদ রয়েছে তা আরোহণের মাধ্যমে দেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করা হবে— এ মন্তব্য করে শেখ হাসিনা বলেন, খাদ্য নিরাপত্তার পাশাপাশি আমিষ জাতীয় খাদ্যের যোগান দিতে সরকার কাজ করে যাচ্ছে।
একই সঙ্গে স্বাদু পানির মাছ বেশি করে চাষ করার পাশাপাশি মাছের প্রক্রিয়া জাতকরণের ওপর বিশেষ গুরুত্ব দিতে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।
সমুদ্রে চিংড়ি পোনা আহরণের সময় যেন অন্যান্য মাছের পোনা নষ্ট না হয় সেদিকেও বিশেষভাবে নজর দেয়ার প্রয়োজন বলে মনে করেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মৎস্য চাষে বিশেষ অবদান রাখায় ৪ জনকে স্বর্ণপদক ও ১৩ জনকে রৌপ্যপদক, অর্থ ও সনদপত্র প্রদান করেন প্রধানমন্ত্রী।