শ্রদ্ধা আর ভালবাসায় চিরবিদায় নিলেন ইউকসুর সাবেক ভিপি, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খন্দকার মোহাম্মদ ফারুক। বুধবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) নামাজে জানাজা শেষে স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম এ সংগঠকের মরদেহ নিয়ে আসা হয় কেন্দ্রীয় শহীদ মিনারে।
এখানে শ্রদ্ধা জানান তার দীর্ঘদিনের সহকর্মী, রাজনৈতিক, সামাজিক, সংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতা-কর্মীরাসহ সর্বস্তরের মানুষ। শ্রদ্ধা নিবেদন শেষে ফারুকের মৃতদেহ নিয়ে যাওয়া হবে টাঙ্গাইলে, সেখানে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
খন্দকার মোহাম্মদ ফারুক, মুক্তিযোদ্ধা; ছিলেন স্বৈরাচারবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সংগঠক। পরপর তিনবার নির্বাচিত ইউকসুর ভিপি। দায়িত্ব পালন করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সভাপতি হিসেবে।
কিছুদিন আগে অসুস্থ হয়ে পড়লে উন্নত চিকিৎসার জন্য তাকে ব্যাংককে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত রোববার মারা যান তিনি।
বুধবার বুয়েটে দ্বিতীয় জানাজ শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেয়া হয়। বরেণ্য এ রাজনৈতিক ব্যক্তিত্বের মৃত্যুতে সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
পরে তার মরদেহ গ্রামের বাড়ি টাঙ্গাইলে নেয়া হবে। সেখানে তৃতীয় জানাজা শেষে তাকে সেখানেই দাফন করা হবে।