নারায়ণগঞ্জে সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে ফেরত দিতে দিল্লি সরকার সম্মত হয়েছে— জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন তিনি।
জাতীয় পার্টির সাংসদ পীর ফজলুর রহমানের সম্পূরক প্রশ্নে জানতে চান নূর হোসেনকে বন্দিবিনিময় চুক্তির আওতায় ফেরত আনার উদ্যোগ নেয়া হবে কিনা?
জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের ঢাকা সফরকালে এ নিয়ে আলোচনা হয়েছে। ভারত সরকারও তাকে ফেরত দিতে সম্মত হয়েছে।
গত ১৪ জুন কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের নিকটবর্তী বাগুইহাটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্সের একটি দল।
উল্লেখ, এর আগে গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের প্যানেল মেয়র নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন। তার তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।
অপহরণের পরপরই নজরুলের পরিবারের পক্ষ থেকে সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সহসভাপতি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নূর হোসেনকে প্রধান আসামি করে একটি মামলা করে।
নূর হোসেন ও তার সহযোগীরা র্যা বকে ছয় কোটি টাকা দিয়ে নজরুলসহ সাতজনকে হত্যা করিয়েছে বলে নিহত কাউন্সিলরের শ্বশুর শহীদুল ইসলাম অভিযোগ করেন।
তার অভিযোগের ভিত্তিতে র্যা ব-১১ এর তৎকালীন কমান্ডার তারেক সাঈদ মোহাম্মদসহ তিন কর্মকর্তাকে প্রথমে দায়িত্ব থেকে প্রত্যাহার এবং পরে সামরিক বাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। বর্তমানে তারা কারাগারে রয়েছে।