বিগত বিএনপি-জামাত সরকারের তুলনায় আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার দেশের বিদ্যুৎ সমস্যা সমাধানে ব্যাপক সাফল্য অর্জন করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে প্রশ্ন-উত্তর পর্বে তিনি একথা বলেন।
সরকার দেশের চাহিদা মেটাতে ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে— উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের স্বার্থে সকলকে বিদ্যুৎ, গ্যাসসহ জাতীয় সম্পদ ব্যবহারে মিতব্যয়ী হতে হবে।
স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হলে, প্রথমেই সদস্যদের প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি-জামাত নিজেদের স্বার্থ হাসিলে কাজ করলেও বর্তমান সরকার দেশের কল্যাণে কাজ করে যাচ্ছে।
শেখ হাসিনা আরো বলেন, ঢাকাকে আধুনিক নগরী হিসেবে গড়ে তুলতে বিদ্যুৎ ,পানি ও গ্যাসসহ সব সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ চলছে।
বিএনপি-জামাত সরকার রোহিঙ্গাদের অনুপ্রবেশের সুযোগ দিয়েছে অভিযোগ করে তিনি বলেন, সমস্যা সমাধানে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনা চলছে।