বর্তমান সরকারের আমলে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন ও উপাচার্য নিয়োগে কোনো দুর্নীতি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। বৃহস্পতিবার সংসদে সরকারি দলের ছলিম উদ্দিন তরফদারের উত্থাপিত ‘নওগাঁ জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক’ সিদ্ধান্ত প্রস্তাবের ওপর আলোচনায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এ ক্ষেত্রে দুর্নীতির যে অভিযোগ তুলেছে, তা মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। এ অভিযোগ যদি টিআইবি প্রমাণ করতে পারে, তাহলে যে কোনো শাস্তি তার মন্ত্রণালয় মাথা পেতে নেবে। আর তা নাহলে অভিযোগটি প্রত্যাহার করে নিয়ে টিআইবিকে দেশবাসীর কাছে ক্ষমা চাইতে হবে।
তিনি আরো বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন নিয়ে বিএনপি-জামাত জোট সরকারের আমলেই যতো দুর্নীতির ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকারের আমলে এ বিষয়ে কোনো দুর্নীতি হয়নি।
বর্তমান সরকার দেশে ৮৯টি বেসরকারি বিশ্ববিদ্যালয় অনুমোদন দিয়েছে। ২০০৯ সালে যখন শেখ হাসিনার সরকার গঠিত হয়, তখন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ছিল ৫৬টি এবং প্রায় অধিকাংশই ছিল অচল বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে শিক্ষাকে আধুনিক ও যুগোপযোগী করতে কঠোর ব্যবস্থাগ্রহণ করে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব ক্যাম্পাস স্থাপনের নির্দেশ দেন। এর ফলে বর্তমানে অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ে নিজস্ব ক্যাম্পাস থেকে পরিচালিত হচ্ছে। নিজস্ব ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে অনেক প্রতিষ্ঠান জমিও ক্রয় করেছে।
তবে কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রতিষ্ঠা না করে সরকারের নির্দেশ অমান্য করায় ওই বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয়া হয়। তবে ওই প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ উচ্চ আদালত থেকে সরকারের বন্ধ নির্দেশের ওপর স্থগিতাদেশ নিয়ে বিশ্ববিদ্যালয়গুলোর কার্যক্রম অব্যাহত রেখেছে বলেও জানান মন্ত্রী।
তিনি বলেন, দেশের দ্বিতীয় বৃহত্তম ও প্রাচীন রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ রাজশাহী বিভাগে আরো ৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে। তাই আপাতত এই বিভাগের নওগাঁ জেলায় আরো একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন জরুরি নয়।
তবে নওগাঁবাসীদের দাবির প্রেক্ষিতে তাদের আশ্বস্ত করা হচ্ছে যে, ভবিষ্যতে এখানে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিবেচনা সরকারের রয়েছে। সেই প্রেক্ষিতে বর্তমানে নওগাঁও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাবটি প্রত্যাহার করে নিলে সরকারের শিক্ষা কার্যক্রম পরিচালনা ও বাস্তবায়ন সহজতর হবে বলেও জানান নূরুল ইসলাম নাহিদ।