আমাদের নিয়ে হাসবেন না, এতে গণতন্ত্রের প্রতি অবিচার হবে বলে জানান জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ। বৃহস্পতিবার জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার অনুপস্থিতিতে তার দলের পক্ষে সমাপনী বক্তৃতায় তিনি এ মন্তব্য করেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান বিরোধী দল হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন, অতীতে বিরোধী দল হিসেবে আওয়ামী লীগ কি সঠিক দায়িত্ব পালন করেছেন? পাশাপাশি মন্ত্রিসভায় জাতীয় পার্টিকে নিয়ে হাসাহাসি না করারও অনুরোধ জানান তিনি।
এরশাদ আরও বলেন, ১৯৯১-এর নির্বাচনের আগে তাকে জেলে পাঠানো হয়েছিল। ঠিকমতো প্রচার-প্রচারণা চালাতে পারিনি। তবুও তারা ৩৫টি আসন পেয়েছিলের। ১৭টি আসনে ৫০০ ভোটের ব্যবধানে হেরেছিলেন তারা। বিষবৃক্ষ আওয়ামী লীগই সৃষ্টি করেছিলেন।
নির্বাচন কমিশনসহ সাংবিধানিক সংস্থাগুলোকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দেয়ারও আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, নির্বাচন কমিশনের এক্সে করেও নাকি কোনো মেরুদণ্ড খুঁজে পাওয়া যায়নি।
বাজেট বাস্তবায়নে দরকার সহায়ক পরিবেশ। ভোটের আগে বিএনপি-জামায়াত যে নৈরাজ্য, ধ্বংস চালিয়েছিল, তা অব্যাহত থাকলে বাজেট বাস্তবায়ন সম্ভব হবে না। ভোটের আগের ওই অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু পুরোপুরি হয়নি বলেও জানান তিনি।
বঙ্গবন্ধুর কন্যা হিসেবে শেখ হাসিনা যা খুশি করেন, তিনি সমর্থন জানাবেন— উল্লেখ করে এরশাদ শেখ হাসিনার প্রতি আহ্বান করে বলেন, মানুষ শান্তি চায়, স্বস্তি চায়, সন্ত্রাসের বিরুদ্ধে শান্তি চায় তা নিশ্চিত করুন। প্রধানমন্ত্রীও বঙ্গবন্ধুর মতো অমর হয়ে থাকবেন বলেও জানান তিনি।