রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলের (ইপিজেড) শ্রমিকরাও এখন থেকে দর-কষাকষির জন্য সমিতি করার সুযোগ পাচ্ছেন। সোমবার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বাংলাদেশ ইপিজেড শ্রম আইন-২০১৪ এর খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
একইসঙ্গে রপ্তানি উন্নয়ন ব্যুরো আইন ও বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ সংশোধন আইনের খসড়ায় অনুমোদন দেয়া হয়েছে।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের বলেন, শ্রমিকদের সংগঠন করার অধিকার রেখে বাংলাদেশ ইপিজেড শ্রম আইনের খসড়ায় অনুমোদন দেওয়া হয়েছে। তবে এই সংগঠন ট্রেড ইউনিয়ন ধাচের নয় বরং ওয়ার্কারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নামে সংগঠন করে শ্রমিকরা তাদের অধিকার আদায়ের সুযোগ পাবেন।
তিনি আরো বলেন, সমিতি করার জন্য সংশ্লিষ্ট কারখানার ৩০% শ্রমিককে ইপিজেড কর্তৃপক্ষের কাছে আবেদন করতে হবে। এরপর ৫০% ভোট পেলে সমিতি হবে। আইন মন্ত্রণালয়ে যাচাই-বাছাই শেষে এর চূড়ান্ত অনুমোদন দেয়া হবে।
এছাড়া, যুক্তরাষ্ট্রের বাজারে অগ্রাধীকারমূলক বাজার সুবিধা (জিএসপি) ফিরে পাওয়ার ক্ষেত্রে আইনটি সহায়ক হবে বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব।