পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভাবমূর্তির পরিবর্তন করা প্রয়োজন বলে জানিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। জলবায়ু তহবিলের ক্ষেত্রে সরকারের মনিটরিং জরুরি বলেও মনে করেন তিনি।
বুধবার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) আয়োজিত বাংলাদেশে জলবায়ু অর্থায়নে সুশাসন, চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আগামী ২০ বছরের মধ্যে জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিতে অবস্থানকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশের স্থান সবার শীর্ষে। সেইসঙ্গে ২০৫০ সালের মধ্যে সমুদ্রস্ফীতিজনিত লবণাক্ততা এবং তাপমাত্রার বৃদ্ধির কারণে ধান ও গমের উৎপাদন যথাক্রমে ৮% এবং ৩২% কমে যাবে।
বাংলাদেশে জলবায়ু তহবিল ব্যয় করার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে বাইরের দেশ থেকে ক্ষতিপূরণ পাওয়া সম্ভব নয় বলে আলোচনায় জানানো হয়।