তিন দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চলাচলের উপযোগী করতে সড়ক বিভাগকে নির্দেশ দিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার মহাসড়ক সংস্কারে পরিবহন মালিক-শ্রমিকদের আল্টিমেটামের মুখে চট্টগ্রামের সীতাকুণ্ডু-মিরসরাইয়ে পরিদর্শনকালে এ নির্দেশ দেন তিনি।
এ সময় ঈদের আগেই সারাদেশের সব সড়ক-মহাসড়ক সংস্কার করে যান চলাচলের উপযোগী করার কথা বলেন মন্ত্রী।
এ সময় সাংবাদিকদের তিনি বলেন, মহাসড়কে জনদুর্ভোগ এড়াতে সড়ক ও জনপথের সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
নির্ধারিত সময়ে কাজ শেষ করতে কোনো কর্মকর্তা-কর্মচারী দায়িত্বে অবহেলা করলে তাদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারিও দেন তিনি।
এর আগে গত ১০ জুলাই চট্টগ্রাম জেলা পুলিশের সঙ্গে এক বৈঠকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংস্কার না হলে তিন দিনের পরিবহন ধর্মঘটের আল্টিমেটাম দেয় পরিবহন মালিক-শ্রমিকদের সংগঠনগুলো। ওবায়দুল কাদের আল্টিমেটামের শেষ দিনে এ মহাসড়ক পরিদর্শন করেন।