পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দূরপাল্লার বিভিন্ন বাসের অগ্রিম টিকিট সোমবার সকাল থেকে বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ জুলাই) থেকে ঈদের আগের দিন পর্যন্ত বিভিন্ন গন্তব্যের টিকিট বিক্রি করা হচ্ছে।
রাজধানীর গাবতলী, মহাখালী ও সায়েদাবাদ টার্মিনাল ছাড়াও শ্যামলী, কল্যাণপুর, কলাবাগান, ফকিরাপুল, কমলাপুর, মালিবাগসহ বিভিন্ন স্থানে থাকা বাস কোম্পানির কাউন্টারে অগ্রিম টিকিট পাওয়া যাচ্ছে।
অগ্রিম টিকিটপ্রত্যাশীরা ভোররাত থেকে বাসের কাউন্টারের সামনে ভিড় করছেন।
গাবতলীর মাজার রোড মোড়ে বিভিন্ন কাউন্টারের সামনে অগ্রিম টিকিটের জন্য যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। টিকিট দেয়ার ক্ষেত্রে বিলম্বের অভিযোগ করেছেন কোনো কোনো যাত্রী।
পরিবহন মালিকদের দুটি সংগঠন বাংলাদেশ সড়ক পরিবহন সমিতি ও বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন দূরপাল্লার বাস চলাচল নিয়ন্ত্রণ করে।
এ প্রসঙ্গে বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক তালুকদার জানান, এক দিনে সব স্থানে টিকিট বিক্রি শুরু হলে বিশৃঙ্খলা কম হবে। কালোবাজারি বা বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও কমে যাবে।
অতীতে শুধু নামীদামি পরিবহন কোম্পানিগুলো অগ্রিম টিকিট বিক্রি করত। পরিবহন মালিকেরা জানান, এবার ঢাকার প্রায় সব টার্মিনাল ও পরিবহন কোম্পানির কাউন্টার থেকে একযোগে ১৪ জুলাই টিকিট বিক্রি শুরু করার সিদ্ধান্ত হয়েছে।