পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন বাতিল ও তিন পার্বত্য জেলা পরিষদ বিল প্রত্যাহার করা না হলে ঈদের পর কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি সন্তু লারমা। সোমবার রাজধানীতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সন্তু লারমা বলেন, সরকার শান্তি চুক্তিবিরোধী উদ্যোগ বাস্তবায়ন থেকে সরে না এলে আবারো ৭৩ সালের মতো আন্দোলনে যেতে বাধ্য হবেন।
বরাবরে মতোই এবারও পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নে সরকারের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, চুক্তির সঙ্গে বিরোধাত্মক কাজ অব্যাহত রেখেছে সরকার। সরকার পাহাড়ি জনগণের সত্যিকার উন্নয়ন চায় না বলেই, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন আলাপ আলোচনা ছাড়াই পাশ করেছে।
সরকার যদি উন্নয়ন আইন বাতিল ও জেলা পরিষদ বিল প্রত্যাহার না করে তা হলে কঠোর আন্দোলনে যাবেন বলেও হুঁশিয়ারি দেন সন্তু লারমা।
গত ৫ জানুয়ারি সংসদ নির্বাচনে নিজ দলের প্রার্থী জয়ী হওয়ার পর প্রথমবারের মতো গণমাধ্যমের মুখোমুখি হলেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এ সভাপতি।