রাজধানীর ব্যস্ততম সড়ক মিরপুরের কালশি তবে দীর্ঘ দিন সংস্কারের অভাবে এ সড়ক দিয়ে যাতায়তে মানুষকে পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ।
সড়কে তৈরি হওয়া বড় বড় গর্তের ফলে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি, মানুষের ভোগান্তি কমাতে সড়ক সংস্কারে সিটি করপোরেশন ও স্থানীয় সংসদ সদস্যদের কোনো ভূমিকাই রাখছেন না। আর স্থানীয় সংসদ সদস্য জানালেন খুব শিগগিরই কালশি সড়ক সংস্কার করা হবে।
গত ৪২ বছর ধরে এ সড়কের তেমন কোনো সংস্কার না হওয়ায় গর্ত হলেই ইট-সুরকি দিয়ে জোড়াতালি দিয়ে চলাচলের ব্যবস্থা করা হলেও, ভারি যানবাহনের কারণে তা আবার ফিরে যায় আগের অবস্থায়।
এ রাস্তায় ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করে বলে জানিয়েছেন পথচারি ও যানবাহনের চালকরা।
এলাকাবাসীর অভিযোগ, ভোটের সময় হলেই জনপ্রতিনিধিকে বেশি দেখা যায় কিন্তু দির্ঘ দিন ধরে এলাকাবাসীর কষ্ট লাঘব করতে কোনো ব্যবস্থাই গ্রহণ করছেন না স্থানীয় সাংসদ।
সাধারণ মানুষের এসব অভিযোগ স্বীকার করে স্থানীয় সংসদ সদস্য আগামী ৬ মাসের মধ্যেই সড়কটি সংস্কারের প্রতিশ্রুতি দেন।