ঢাকায় সকল সড়ক ২০ জুলাইয়ের মধ্যে মেরামত করে যান চলাচলের উপযোগী রাখার নির্দেশ দিয়েছিল যোগাযোগমন্ত্রী। তবে বাস্তবে তার কিছুই হয়নি, এখনও কাজ শুরু করেনি ঢাকা সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ওয়াসা। এদিকে, দির্ঘ দিন ধরে যাত্রাবাড়ি ডেমরা সড়কে ফ্লাই-ওভার থেকে শুঋউরু করে ভাঙ্গাপ্রেস পর্যন্ত এবং যাত্রাবাড়ি জুরাইন ফ্লাই-ওভারের দুই পাশের সংযোগ সংস্কার না হওয়ায় চরম ভোগান্তিতে সাধারণ মানুষ।
এসব এলাকায় দূর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরা ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী। যাত্রাবাড়ি-ডেমরা এবং যাত্রাবাড়ি-জুরাইন সড়ক সরেজমিনে ঘুরে এসে সালাহউদ্দিন রাসেলের ক্যামেরায় রিপোর্ট করছেন শাহাবুদ্দিন মাহতাব।
গত ১১ জুলাই এক আন্তঃমন্ত্রণালয় সভায় ঢাকা সিটি করপোরেশন, স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ওয়াসাকে ২০ জুলাইয়ের মধ্যে ঢাকায় তাদের আওতাধীন সড়কগুলো মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করার নির্দেশ দেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।
তবে এখনো কাজ শুরু না হওয়ায় মানুষের দুর্ভোগ কমছে না। ভাঙাচোরা সড়ক আর যানজটে প্রতিনিয়ত নাকাল হতে হচ্ছে নগরবাসীকে।
যাত্রাবাড়ি-ডেমরা ফ্লাইওভার যেখানে শেষ হয়েছে সেখান থেকে শুরু করে ভাঙ্গাপ্রেস পর্যন্ত সড়কের অনেক জায়গাতেই বেহালদশা। দীর্ঘদিন ধরে ভাঙ্গাচোরা এ সড়কে কোনো সংস্কারকাজ হয়নি। এ সড়কের কিছু অংশ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন আর বাকিটা সড়ক ও জনপথের। তবে সড়কের এ অবস্থা নিয়ে কারোই যেন মাথা ব্যাথা নেই।
একই অবস্থা যাত্রাবাড়ি থেকে জুরাইনের দিকে ফ্লাইওভারের দুই পাশের সংযোগ সড়কের। জনদুর্ভোগ কমাতে জনপ্রতিনিধিরাও কোনো উদ্যোগ না নেওয়ায় ক্ষুদ্ধ এলাকার মানুষ।
এ বিষয়ে মুঠোফোনে যোগাযোগ করা হলে, কোনো মন্তব্য করেননি স্থানীয় সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা।
শিগগিরই এসব সড়কে সংস্কার কাজ শুরু করার কথা জানালেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী।