ঈদ উপলক্ষে বাসের পর এবার লঞ্চের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে ভিড় দেখা যাচ্ছে না ক্রেতাদের। তবে কয়েকদিন পরে টিকিট প্রত্যাশীদের ভীড় হতে পাড়ে বলে মনে করছেন বিক্রেতারা।
এদিকে, বাসের অগ্রিম টিকিট ৯৫ ভাগ বিক্রি হয়ে গেছে বলে জানিয়েছে বিক্রেতারা। এখনো টিকেটের আশায় কাউন্টার গুলোতে ভীড় করছেন অনেকে। বেশি দাম গুণে ভাগ্যবান কেউ কেউ টিকিট পেলেও বেশির ভাগই ফিরছেন খালি হাতে।
প্রতিদিন ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের ১৯টি রুটে চলাচল করছে দেড় শতাধিক লঞ্চ। ঈদের সময় যাত্রীর চাপ বেশি থাকে বলে বৃহস্পতিবার লঞ্চের কেবিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে কর্তৃপক্ষ।
অগ্রিম টিকিট ছাড়া হলেও যাত্রী নেই বলে জানিয়েছেন টিকিট বিক্রেতারা। তারা বলেছেন, আগামী ২৬ থেকে ২৮ তারিখে যাত্রী চাপ বাড়বে।
এদিকে, বাস কাউন্টারের চিত্র ভিন্ন। টিকিটের জন্য যাত্রীরা ভিড় করলেও পাওয়া যাচ্ছে না টিকিট। অনেকেই টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন হতাশ হয়ে। আর অতিরিক্ত ভাড়া গুণে টিকিট পাচ্ছেন ভাগ্যবান কেউ কেউ।
বাসের অগ্রিম টিকেটের বেশির ভাগই বিক্রি হয়ে গেছে গত চারদিনে। অল্প কিছু টিকিট রয়েছে যাতে যাত্রীদের চাহিদা মেটানো যাচ্ছে না বলে জানালেন বিক্রেতারা। আর ভাড়া কোনো ভাবেই বেশি নেয়া হচ্ছে না বলে বরাবরের মতোই দাবি করছেন তারা।