গার্ল সামিটে যোগ দিতে আগামীকাল (সোমবার) ৩ দিনের সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর নিয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলন নিয়ে এ কথা জানান পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
সম্মেলনের পাশাপাশি শেখ হাসিনা ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠক করবেন বলে জানান তিনি।
মন্ত্রী বলেন, পাশ্চাত্যেও যে বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা রয়েছে এ সফর তারই প্রমাণ।
সংবাদ সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রীর যুক্তরাজ্য সফর নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। সেখানে কন্যা শিশু সম্মেলনে বাংলাদেশের যোগ দেয়ার তাৎপর্য তুলে ধরেন তিনি।
দশম জাতীয় সংসদ নির্বাচনের পর যুক্তরাজ্যের সঙ্গে সম্পর্কের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী জানান, নির্বাচনের পর শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে যুক্তরাজ্য সফরের আমন্ত্রণ করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতেই প্রমাণ হয় বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করতে আগ্রহী।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা না করতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে বিএনপির লন্ডন শাখার চিঠি প্রসঙ্গেও তিনি কথা বলেন।
তবে তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে কোনো আলোচনা হতে পারে কি না-সাংবাদিকদের এ প্রশ্নের জবাব দেননি মন্ত্রী।
এ সময় শান্তিরক্ষা বিষয়ে জাতিসংঘের আন্ডার সেক্রটারি জেনারেল আমিরা হকের পদত্যাগের বিষয়টি জাতিসংঘের অভ্যন্তরীণ বিষয় বলে জানান মন্ত্রী।
আর লেবানন থেকে বাংলাদেশের রাষ্ট্রদূত গাউসুল আজমকে ফিরিয়ে আনার ব্যাপারে জানান, সরকার এবিষয়ে যথাযথ ব্যবস্থা নিচ্ছে।