ইসরাইলকে মদদ দিচ্ছে যুক্তরাষ্ট্র— তাই আমরা তীব্র ঘৃণা ও তীব্র নিন্দা জ্ঞাপন করছি বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বুধবার শেরপুরের নালিতাবাড়ী পৌরসভা কার্যালয়ে গরীব দুঃস্থদের মধ্যে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল, বয়স্ক ভাতা, পোশাক বিতরণ শেষে তিনি এ কথা বলেন।
যারা কথায় কথায় জিহাদ করেন তাদের প্যালেস্টাইনে গিয়ে জিহাদ করার কথা উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, দেশের ভেতর সাধারণ মানুষকে না মেরে প্যালেস্টাইনে গিয়ে বীরত্ব দেখান।
জাতিসংঘের প্রতি ক্ষোভ প্রকাশ করে তিনি আরো বলেন, যারা কথায় কথায় অপর দেশকে উপদেশ দেন আর এতোগুলো মানুষ মারা যাওয়ার পরেও জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গিয়ে বসেন। জাতিসংঘ নিরাপদে থাকলেও গাজার মানুষ নিরাপদে নাই, তাদের ঈদ তো দূরের কথা জীবনের নিরাপত্তাও নাই।
এ সময় কৃষিমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন, পুলিশ সুপার মেহেদুল করিমসহ প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।