যুক্তরাজ্য সরকারের যদি বাংলাদেশ সরকার সম্পর্কে কোনো দ্বিধা থাকত তাহলে তাকে দেশটির প্রধানমন্ত্রী বারবার ফোন করে দাওয়াত দিতেন না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার গণভবনে লন্ডন সফর পরবর্তী সংবাদ সম্মেলনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
৫ জানুয়ারির নির্বাচন নিয়ে যুক্তরাজ্য সরকার অস্বস্তিতে আছে—বিভিন্ন পত্রিকায় এ বিষয়ে সংবাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ হাসিনা বলেন, ইলেকশন নিয়ে আলোচনা হবেই। পার্টিসিপেটরি ইলেকশন, আনকনটেসটেড এ সকল নিয়ে আলোচনা থাকতেই পারে। তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী ফরোয়ার্ড লুকিং। তিনি বলেছেন, যা হওয়ার হয়েছে ফিরে তাকাতে চাই না।
ঈদের পর বিএনপি আন্দোলনে নামবে বলে যে হুমকি দিচ্ছে—এ ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি আন্দোলনের নামে নৈরাজ্য, সহিংসতা করলে সরকার জনগণের জানমাল রক্ষায় যথাযথ ব্যবস্থা নেবে। আর তারা (বিএনপি) মাঠে নামুক বা না নামুক। মাঠে আওয়ামী লীগ আছে, মানুষ আছে, মাঠের খেলা মাঠেই হবে। ফুটবল মাঠে কে কয়টা গোল দেয়, সেটা সেখানেই দেখা যাবে।
যুক্তরাজ্য সরকার ও ইউনিসেফ আয়োজিত গার্ল সামিটে ২০২১ সালের মধ্যে বাল্যবিবাহ বন্ধের অঙ্গীকার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।