ঈদের আগে রোববার শেষ কর্মদিবস হলেও আগেভাগে ছুটি নিয়ে বৃহস্পতিবার থেকেই রাজধানী ছাড়তে শুরু করেছেন ঘরমুখো মানুষ। অধিকাংশ মানুষ রাজধানী ছাড়ায় কমলাপুর রেলস্টেশনে ও বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় তেমন দেখা যায়নি। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল ছিল বাড়ি ফেরা মানুষের কোলাহলে মুখর।
গত ৩ দিনের তুলনায় রাজধানীর কমলাপুর রেলস্টেশন যাত্রীদের ভিড় কিছুটা কম থাকায় ২/১টি বাদে প্রায় সব ট্রেনই সময়মতো স্টেশন ছেড়ে গেছে। অনিয়মের কোনো অভিযোগ নেই যাত্রীদের। পরিবারের সঙ্গে ঈদ করবেন এ আনন্দ সবার চোখে-মুখে।
রাজধানীর বাস টার্মিনালগুলোতেও প্রায় একই চিত্র, সড়কপথের ভিড় এড়াতে অনেকেই আগেভাগে রাজধানী ছাড়ায় যাত্রীদের তেমন ভিড় দেখা যায়নি। তবে বিকেলের পরে ভিড় বাড়তে পারে আশা করছে পরিবহন শ্রমিকরা। আর মহাসড়কগুলোতে যানজট কমে যাওয়ায় গাড়ির সময় সূচিতে তেমনএকটা হেরফের হচ্ছে না।
এদিকে, সদরঘাট লঞ্চ টার্মিনালে মোটামুটি ভিড় ছিল। সময়সূচির হেরফের ও বেশি ভাড়ার অভিযোগ ছাপিয়ে প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপনটাই মুখ্য ঘরমুখো মানুষের কাছে।
অন্যান্যবারের তুলনায় এবার লঞ্চের ছাদে যাত্রী পরিবহনের প্রবণতা কম দেখা গেছে।