বছর ঘুরে আবার এলো ঈদ। ঘরমুখো মানুষের মনে এখন উৎসবের আমেজ। কেননা ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। অনুভূতির এই আবহ আরো বর্ণিল করে তুলতে বরাবরের মতো এবারও ঈদে দেশ টিভির আয়োজন সাত দিনের। থাকছে প্রেম, হাসি, বন্ধন, তারুণ্য, সংগ্রাম, রহস্য ও মন -মানবীয় বিষয়ের আনাগোনা। আর এগুলো ফুটে উঠবে নাটক, সিনেমা,গান, আড্ডা'র মধ্য দিয়ে।
বিশেষ দিনে, যে কোনো উৎসবে দেশ টিভি বরাবরই নিজেকে ভিন্নমাত্রায় উপস্থাপন করে। দর্শকরাও তেমনটাই চান। ঈদের ছুটির বিনোদনে তাই দেশ টিভির পর্দায় চোখ রাখতে দর্শকরা যেন তৈরি হয়েই আছেন।
এবার ঈদের অনুষ্ঠানকে নানা রং এ সাজিয়েছে দেশ টিভি। ৭ দিনের দেশ ঈদ উৎসবে থাকছে নানা আয়োজন।
২৯ জুলাই থেকে ৪ আগস্ট প্রতিদিন দুপুর তিনটায় বিভিন্ন দশকের গান নিয়ে শিল্পীদের লাইভ শো- 'সোনালী দিন রূপালী গান'।
ঈদের সাত দিন সাত তরুণের প্রথম নাটক চলবে শুধু দেশ টিভিতে। তুহিন রাসেলের পরিচালনায় নাটক 'সোনার ডিম' দেখা যাবে ঈদের দিন সন্ধ্যা ৭ টার সংবাদের পরপরই। আর এ আয়োজনে একই সময়ে প্রতিদিন প্রচারিত হবে নাটকগুলো।
লাইভ মিউজিক্যাল শো -'কলের গান' মাতাবেন দুই বাংলার জনপ্রিয় সংগীত শিল্পী অঞ্জন দত্ত এবং অন্বেষা দত্ত গুপ্ত। থাকবে বাংলাদেশি ব্যান্ডদল সোলস ও লালনসহ আরো অনেকে।
বিশেষ এ আয়োজনে দর্শকদের আনন্দ দিতে প্রতিদিন সকাল ১০টার সংবাদের পরপরই থাকছে পূর্ণ দৈর্ঘ্য বাংলা চলচ্চিত্র।
রাত ৯টায় থাকছে সাতদিনের বিশেষ ধারাবাহিক নাটক 'আবার হাওয়া বদল'।
এছাড়া থাকছে ভিন্ন আমেজের বিনোদনমূলক অনুষ্ঠানও। বাংলা চলচ্চিত্রের নেতিবাচক চরিত্রদের নিয়ে 'উই আর ভিলেন'। আছে সঙ্গীতময় জীবনের গল্প নিয়ে 'যে সুর বাজে প্রাণে'।
ঈদের খুশিতে মাতুন রঙধনুর সাতরঙে, উৎসবে আনন্দে থাকুন দেশের সঙ্গে।