তোবার শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের জন্য সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সাতটি গার্মেন্ট শ্রমিক সংগঠনের ফেডারেশন। শনিবার রাজধানীর তোপখানা রোডে কমরেড নির্মল সেন মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আলটিমেটাম দেয়া হয়।
একই দাবিতে রোববার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এর আগে বেতন-বোনাস পরিশোধসহ পাঁচ দফা দাবিতে বাড্ডায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে তোবা গ্রুপের ৫টি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়ে।
এদিকে, আজ (শনিবার) ষষ্ঠ দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছে তোবা গ্রুপের ৫টি কারখানার শ্রমিকরা।
এক সপ্তাহের মধ্যে সমস্যা সমাধানে বাংলাদেশের পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠনের (বিজিএমইএ) আশ্বাস প্রত্যাখ্যান করে বেতন বোনাস দ্রুত পরিশোধ না করলে দেশব্যাপী কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন শ্রমিক নেতারা।
শ্রমিকদের এ অবস্থার জন্য কারখানা মালিকের পাশাপাশি বিজিএমইএ'র গাফিলতিকেই দায়ী করছেন তারা।
জানা গেছে, ২০১২ সালে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার তাজরীন ফ্যাশনসের মালিক দেলোয়ার হোসেন কারাবন্দি থাকায় তার মালিকানাধীন তায়েব ডিজাইন, তোবা টেক্সটাইল মিল, মিতা ডিজাইন, তোবা ফ্যাশন ও বুকশান গার্মেন্ট লিমিটেডের দেড় সহস্রাধিক শ্রমিক গত তিন মাস ধরে মজুরিসহ অন্যান্য ভাতা পাচ্ছেন না।
শ্রমিকদের অনশন কর্মসূচি চলাকালেই বৃহস্পতিবার বিকেলে তৈরি পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমইএ সংবাদ সম্মেলন করে জানায়, আগামী এক সপ্তাহের মধ্যে তোবার শ্রমিকদের কমপক্ষে এক মাসের বেতন পরিশোধের চেষ্টা করা হবে পাশাপাশি শ্রমিকদের আরো ধৈর্য ধরারও পরামর্শ দেয় বিজিএমইএ।
তবে শুক্রবার পাল্টা সংবাদ সম্মেলন করে আন্দোলনরত শ্রমিকদের সংগঠন গার্মেন্ট শ্রমিক ঐক্য ফোরাম বিজিএমইএর প্রস্তাব প্রত্যাখ্যান করে।