বকেয়া বেতন-বোনাসের দাবিতে রোববার সপ্তম দিনের মতো আমরণ অনশন অব্যাহত রেখেছেন তোবা গ্রুপের ৫টি কারখানার শ্রমিকরা।
শ্রমিক সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শ্রমিকদের শান্তিপূর্ণ আন্দোলনকে দুর্বলতা ভাবলে ভুল করবে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। শান্তিপূর্ণভাবে দাবি আদায় না হলে যে কোনো সহিংস পরিস্থিতির জন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে।
পোশাক শ্রমিক নাজমা আক্তার বলেন, তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসের দাবিতে অনশন কর্মসূচি চালিয়ে যাবো। যতো কষ্টই হোক, অনশন চালিয়ে যেতে আমরা বদ্ধ পরিকর।
তিনি আরো বলেন, কারখানা মালিকের পক্ষ থেকে বারবার আশ্বাস দেয়া হলেও, পাওনা বেতন পাননি আমরা।
এদিকে, দীর্ঘ সময় অনাহারে থাকার কারণে অসুস্থ হয়ে পড়েছেন অধিকাংশ শ্রমিক। সরকার বা গার্মেন্টস মালিক সংগঠনগুলোর পক্ষ থেকে নির্ভরযোগ্য কোনো আশ্বাস মেলেনি।
শ্রমিকদের এ অবস্থার জন্য কারখানা মালিকের পাশাপাশি বাংলাদেশে পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন (বিজিএমইএ) ও সরকারকেই দায়ী করেছে বিভিন্ন সংগঠন।