বিচারকদের অভিসংশনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে না দিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলকে শক্তিশালী করার কথা বলছেন সুপ্রিম কোর্টের সাবেক বিপরপতি সৈয়দ আমিরুল ইসলাম।
তবে বিচারকরা সৎ সাহস নিয়ে কাজ করলে তাদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরে গেলেও স্বাধীনভাবে কাজ করার পথে তা অন্তরায় হবে না বলে মনে করেন তিনি।
১৯৭২ সালের সংবিধানে ৯৬ অনুচ্ছেদে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে এ ক্ষমতা বিচার বিভাগের কাছে ন্যস্ত করা হয়। এতে বলা হয়, একমাত্র সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল ছাড়া বিচারপতিদের অভিশংসিত করার এখতিয়ার কারো নেই।
সম্প্রতি মন্ত্রিসভার এক বৈঠকে অনির্ধারিত আলোচনায় বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে থাকার বিধানটি ফিরিয়ে আনার বিষয়টি খতিয়ে দেখতে আইন মন্ত্রণালয়কে নির্দেশ দেয়া হয়।
প্রয়োজনে সংবিধান সংশোধনের ইঙ্গিতও দেয়া হয় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে।