বেতন বোনাসের দাবিতে মঙ্গলবার সকাল থেকে বিজিএমইএ ভবনের সামনে বিক্ষোভ করছে তোবা গ্রুপের ৫টি পোশাক কারখানার শ্রমিকসহ ১৫টি সংগঠন। ২৪ ঘণ্টার মধ্যে সকল পাওনা পরিশোধ না করলে হরতালের মতো বড় কর্মসূচিতে যাওয়ার হুমকি দেন শ্রমিক নেতারা।
পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে রাজধানীর কাওরান বাজারে বিজিএমইএ ভবনের সামনে জরো হন তোবা গ্রুপের পোশাক শ্রমিকরা।
পুলিশের বাধার কারণে মূল ফটক পর্যন্ত পৌঁছাতে না পারলে ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ শুরু করেন শ্রমিকরা। এক সময় পুলিশের সঙ্গে হাতাহাতিও হয় শ্রমিকদের।
সমাবেশে শ্রমিক নেতারা বলেন, ২৪ ঘণ্টার মধ্যে বেতন-বোনাস পরিশোধ না করলে হরতালের মতো বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।
সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়ে শ্রমিকদের পক্ষ থেকে বিজিএমইএকে দালালি কর্মকাণ্ডে না জড়াতে আহ্বান জানানো হয়।
তবে এখনও পর্যন্ত এ বিষয়ে বিজিএমইএ'র পক্ষ থেকে কিছু জানানো হয়নি।
এদিকে, টানা ৯ দিন ধরে আমরণ অনশন অব্যাহত রেখেছে তোবা গ্রুপের গার্মেন্টসের শ্রমিকরা। দীর্ঘ সময় ধরে অনশনের কারণে অসুস্থ হয়ে পরেছেন অনেক শ্রমিক।