মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আবার সংশোধনের জন্য মন্ত্রিসভায় তোলা হচ্ছে— এরইমধ্যে সংশোধনী খসড়াও তৈরি হয়েছে জানিয়েছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক।
মঙ্গলবার সচিবালয়ে যুদ্ধাপরাধ বিষয়ক বিশেষ মার্কিন দূত স্টিফেন জে র্যা পের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যুদ্ধাপরাধ বিচারে যুক্তরাষ্ট্রের মনোভাব নমনীয় হয়েছে।
ব্রিফিংয়ের বিস্তারিত তুলে ধরে আইনমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধ বিচার প্রক্রিয়া নিয়ে যুক্তরাষ্ট্র অনেকটাই নমনীয় হয়েছে। শিগগিরই ট্রাইবুন্যাল আইনের সংশোধনীর খসড়া মন্ত্রিসভায় তোলা হবে। তবে নতুন সংশোধনীতে কি থাকছে তা স্পষ্ট করেননি।
এর আগে, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে বৈঠক করেন স্টিফেন জে র্যা প। সেখানেও যুদ্ধাপরাধ বিচার নিয়ে দীর্ঘ আলোচনা হয়। যুদ্ধাপরাধের বিচার শুরুর পর থেকে যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিফেন জে র্যা প এ নিয়ে ৫ বার বাংলাদেশ সফর করেছেন। বিচার প্রক্রিয়া নিয়ে বিভিন্ন সময়ে নানা মত-দ্বিমতও প্রকাশ করেছেন।
এবার র্যা প বাংলাদেশে ২ দিনের সফরে পররাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে দেখা ও বৈঠক করেছেন।
এদিকে, যুদ্ধাপরাধে ফাঁসির দণ্ড না দেয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক মানবাধিকর সংস্থাগুলোও প্রতিবাদ জানিয়েছে।