আগামী শনিবার থেকে পাঁচ দফা দাবি আদায়ে দেশের সবগুলো গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছে তোবা গ্রুপের আন্দোলনরত শ্রমিকরা। বুধবার আন্দোলনরত শ্রমিকদের সংগঠন তোবা গ্রুপ শ্রমিক সংগ্রাম কমিটির পক্ষ থেকে এ ধর্মঘটের ডাক দেয়া হয়।
সংগ্রাম কমিটির সমন্বয়ক মোশরেফা মিশু কর্মসূচি ঘোষণা করে বলেন, বৃহস্পতিবারের মধ্যে পাঁচ দফা দাবি না মানলে আগামী শনিবার দেশের সব সব গার্মেন্টস শিল্পাঞ্চলে ধর্মঘট পালন করা হবে। এছাড়া, বৃহস্পতি ও শুক্রবার সারা দেশে বিক্ষোভ করবে সংগ্রাম কমিটি।
পাঁচ দফা দাবি: শ্রমিকদের বকেয়া বেতন পরিশোধ, ওভারটাইম ও ঈদের বোনাস অবিলম্বে পরিশোধ, তোবা গ্রুপের দেড় হাজারেরও বেশি শ্রমিকের কর্মসংস্থান নিশ্চিত করতে সব কারখানা সচল রাখা, যেসব শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন তাদের সরকারিভাবে শারীরিক ও মানসিক ক্ষতিপূরণ নিশ্চিত করা, তোবা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দেলোয়ার হোসেনের জামিন বাতিল এবং তাজরীন ফ্যাশনসের হতাহত ও নিখোঁজ শ্রমিক ও তাদের পরিবারকে ক্ষতিপূরণ দেয়া।
এদিকে, বেতন ও বোনাসের দাবিতে ঈদের আগের দিন সন্ধ্যা থেকে রাজধানীর বাড্ডার হোসেন মার্কেটে অবস্থিত তোবা গ্রুপের পোশাক কারখানা ঘেরাও করে আমরণ অনশন কর্মসূচি শুরু করে শ্রমিকরা।