বেপরোয়া গাড়ি চালানোর কারণেই সড়ক দুর্ঘটনা বাড়ছে—এ মন্তব্য করেছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। বৃহস্পতিবার সচিবালয়ে সড়ক ব্যবস্থাপনা নিয়ে আয়োজিত বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মাত্রাতিরিক্ত সড়ক দুর্ঘটনার কারণ খুঁজতে গিয়ে এ তথ্য পেয়েছেন বলে জানিয়ে দুর্ঘটনা কমাতে চালকদের সচেতনতা বাড়তে উদ্যোগ নেয়ার তাগিদ দেন যোগাযোগমন্ত্রী।
এসময় নৌ-দুর্ঘটনা প্রসঙ্গ নিয়ে মন্ত্রী বলেন, এর দায় সরকার এড়াতে পারে না।
সম্প্রতি নৌ দুর্ঘটনা নিয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘যদিও সরকার নৌপথে যান চলাচলে ত্রুটিমুক্ত রাখার চেষ্টা করে যাচ্ছে তবে এর দায় সরকার এড়াতে পারে না।’
সারাদেশের দুর্ঘটনা কবলিত রাস্তাগুলো এরইমধ্যে সংস্কার করা হয়েছে— এমনকি বিপদ সংকেত চিহ্ন ও স্থায়ী করা হয়েছে। তবে এবার যেসব দুর্ঘটনা ঘটেছে প্রায় সবগুলোই চালকদের বেপরোয়ার কারণে ঘটেছে বলে জানান তিনি।
এবার ঈদ যাত্রা স্বস্তিদায়ক হয়েছে দাবি করে তিনি আরো বলেন, আগামী বছরের ঈদে দেশের সড়কপথ আরও উন্নত করা হবে।
এছাড়া প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা ব্যয়ে গাজীপুর, চন্দ্রা, টাঙ্গাইল সড়ক চার লেনে উন্নীত করার প্রকল্প নেয়া হয়েছে বলেও জানান যোগাযোগমন্ত্রী।