বাহরাইনে একটি কংক্রিট তৈরির কারখানায় দুর্ঘটনায় দুই বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন।বাহরাইনে দুর্ঘটনায় ২ বাংলাদেশির মৃত্যু
বিল্লাল হোসেন ও ইউনুস শিকদার- ডেইলি ট্রিবিউন
তারা হলেন- বিল্লাল হোসেন (৩২) ও ইউনুস শিকদার (৩৭)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার দেশটির ইংরেজি দৈনিক 'ডেইলি ট্রিবিউন’-এর প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের মুহারক শহরের হিদ এলাকায় একটি কংক্রিট তৈরির প্ল্যান্টে গত বৃহস্পতিবার এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়েছে, 'পাঁচ টন ওজনের কংক্রিটের ব্লক বহনকারী একটি ক্রেন দুর্ঘটনাবশত স্তূপ করে রাখা কংক্রিটের ব্লকে আঘাত করলে তা শ্রমিকদের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই ওই দুই শ্রমিক মারা যান।
নিহত দুই বাংলাদেশি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে বাহরাইনে অবস্থান ও কাজ করছিলেন বলে জানায় পত্রিকাটি।
প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পরপরই কারখানাটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।
এদিকে, দুর্ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন দেশটির শ্রমমন্ত্রী জামিল হুমাইদান।