আদিবাসীদের অস্তিত্ব অস্বীকার করে নয় তাদের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিরাপত্তা নিশ্চিত সম্ভব বলে মনে করেন বিভিন্ন বাম সংগঠনের নেতা ও বিশিষ্টজনেরা।
শনিবার রাজধানীতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় এসব কথা বলেন বক্তারা।
আদিবাসীদের অস্তিত্ব মুছে ফেলার ষড়যন্ত্র আন্তর্জাতিক আইনের পরিপন্থি দাবি করে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ গড়ে তুলতে হলে সব জাত- গোষ্ঠীর সমান অধিকার নিশ্চিত করতে হবে।
দিবসটি উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিতে সকাল থেকেই কেন্দ্রীয় শহিদ মিনারে জড়ো হন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা পর্বে পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন না করায় সরকারের সমালোচনা করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) নেতা সন্তু লারমা।
বহু জাতি-গোষ্ঠী সম্মিলিতভাবে যে উদ্দেশ্য নিয়ে ঔপনিবেশিক শাসন শোষণের কবল থেকে দেশকে মুক্ত করেছিল সরকার তা ভুলে গিয়ে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর অস্তিত্ব অস্বীকার করতে চাইছে বলে মনে করেন বাম রাশেদ খান মেনন ও মুজাহিদুল ইসলাম সেলিম।
পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভূমি অধিকার প্রতিষ্ঠা ও তাদের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে সরকারের প্রতি এ সময় আহ্বান জানান জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
আন্তর্জাতিক আদিবাসী দিবসকে জাতীয়ভাবে পালনের জন্য সরকারের প্রতি আহ্বানও জানান আলোচকরা।