সরকারের উদাসীনতা ও রাজনৈতিক ষড়যন্ত্রের কারণেই আদিবাসীরা সাংবিধানিক স্বীকৃতি থেকে বঞ্চিত হচ্ছেন—এ অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জোতিরিন্দ্র বোধিপ্রিয় সন্তু লারমা।
রোববার রাজধানীর জাতীয় জাদুঘরে এক আলোচনায় লারমা দেড় যুগেও পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়িত না হওয়ায় আক্ষেপ করে এ কথা বলেন।
সরকারের উদাসীনতা ও রাজনৈতিক কারণেই তাদের সংখ্যালঘু হয়ে থাকতে হচ্ছে এবং একে একটি ষড়যন্ত্র হিসেবে উল্লেখ করেন সন্তু লারমা।
এ সময় বক্তারা অবিলম্বে শান্তিচুক্তির বাস্তবায়ন ও আদিবাসীদের জন্য আলাদা বাজেটের দাবি জানান।
শান্তিচুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে 'আদিবাসীদের' সাংবিধানিক অধিকার দিতে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা।
উৎসব, আনন্দ আর নিজেদের সাংস্কৃতিক ভিন্নতার জানান দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালনের রেওয়াজ বরাবরের। নাচের মুদ্রায় মূর্ত নিজ ভূমিতে টিকে থাকার অধিকারের ভাষা।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে আদিবাসী বিষয়ক সংসদীয় ককাস আয়োজন করে আলোচনা সভার। জাতীয় জাদুঘরে অনুষ্ঠিত সভায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সবার সঙ্গে সেতু বন্ধনের বিষয়টিই সবচেয়ে গুরুত্ব পায়।