আজ ১৫ আগস্ট, জাতীয় শোক দিবস। শ্রদ্ধাবনত চিত্তে বাংলাদেশ স্মরণ করছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে জাতীয় শোক দিবস।
শুক্রবার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন করেন জাতীয় সংসদের স্পিকার ও প্রধান বিচারপতি। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়েছে।
ধানমণ্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনের সামনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে শুরু হয় জাতীয় শোক দিবসের কর্মসূচি।
বিউগলের সুরে সশস্ত্র সালাম জানায় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল।
এসময় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। পরে সূরা ফাতেহা পাঠ ও মোনাজাত করেন।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
জাতীয় শোকদিবসে প্রতিকৃতিতে ফুল দিয়ে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সমমনা দলগুলোর নেতাকর্মীরা। শুক্রবার সকালে দলের নেতাকর্মীদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী।
এরপর শ্রদ্ধা জানান ১৪ দলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। পরে, বনানী কবরস্থানে ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শেখ হাসিনা।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবসে নেতাকর্মীদের নিয়ে ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এরপর ১৪দলের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ওয়ার্কাস পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি হাসানুল হক ইনুসহ শীর্ষ নেতারা।
এরপর মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানান।
এদিকে, সকাল সাড়ে ৭টায় বনানী কবরস্থানে যান শেখ হাসিনা। ১৫ আগস্ট নিহত পরিবারের সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি।
দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাতে অংশ নেন আওয়ামী লীগের এ সভানেত্রী।