গণমাধ্যমকে নিয়ন্ত্রণ নয়, সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বৃহস্পতিবার জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রেস ইন্সটিটিউট (পিআইবি) আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
এ নীতিমালার কারণে গণমাধ্যমের স্বাধীনতা কোনভাবেই ক্ষুন্ন হবেনা বলেও দাবি করেন ইনু।
তথ্যমন্ত্রী বলেন, সংবাদ মাধ্যম ও সংবাদকর্মীদের রক্ষা করতেই জাতীয় সম্প্রচার নীতিমালা করা হয়েছে। শীঘ্রই এ বিষয়ে আইন পাশ করা হবে বলেও জানান তিনি।
আলোচনায় জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে সকলের ভীতি কাটাতে সরকারকেই উদ্যোগী হতে হবে বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিকরা।
এ সময় পিআইবির মহাপরিচালক শাহ আলমগীর বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য গণমাধ্যমেরও দায় রয়েছে। জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে সম্পাদকদের ভূমিকার সমালোচনা করেন তিনি।
বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে গণমাধ্যম ও সাংবাদিকদের ভূমিকার কঠোর সমালোচনা করে প্রথমআলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান বলেন, জাতীয় সম্প্রচার নীতিমালা নিয়ে ভীতি দূর করতে সরকারকে পরামর্শ দেন।
আলোচনায় জ্যেষ্ঠ সাংবাদিক কামাল লোহানী বঙ্গবন্ধুর সময়ে গণমাধ্যম ও সম্প্রচার নীতিমালা নিয়ে বিএনপি নেতাদের বক্তব্যের সমালোচনা করেন।