হজযাত্রীদের বাড়িভাড়া সংক্রান্ত জটিলতায় আর পড়তে হবে না— উল্লেখ করে ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেন, অ্যাকাউন্ট আবেদনের মাধ্যমে এ সংক্রান্ত ঝামেলা এড়াতে পারবেন হজযাত্রীরা।
রোববার বিকেলে সচিবালয়ে হজ প্রস্তুতি সম্পর্কিত সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, অ্যাকাউন্ট না থাকলেও দু'দেশের সরকার পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে ঝক্কি এড়ানো যাবে। এবারের হজ থেকেই তা কার্যকর হবে।
সরকারি ব্যবস্থাপনায় আগামী ২৭ আগস্ট শুরু হচ্ছে এবারের হজযাত্রা। এ যাত্রা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত। ফিরতি ফ্লাইট হবে ৮ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত। বেসরকারি ব্যবস্থাপনায় হজ ফ্লাইট হবে আগামী ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর। ফিরতি ফ্লাইট ৯ অক্টোবর থেকে ১৭ নভেম্বর। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনা মিলিয়ে এবার হজযাত্রীর সংখ্যা ৯৮ হাজার ৭শ ৫৭ জন।
এরই মধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন করেছে হজ পরিচালনা কমিটি। প্রতিবার হজ করতে গিয়ে বাড়িভাড়া সংক্রান্ত যেসব জটিলতায় পড়েন হজযাত্রীরা তাও এবার দূর হচ্ছে বলে জানিয়েছেন মতিউর রহমান।
প্রতিবার হজযাত্রায় যেসব ধরনের আশঙ্কা থাকে, তা এবার মোকাবেলা করা যাবে বলেই মনে করেন তিনি।