ভারত ও মিয়ানমারের সঙ্গে সমুদ্রসীমা নিয়ে বিরোধে জয়ের ফলে প্রাকৃতিক সম্পদ আহরণ ও অর্থনৈতিক উন্নয়নের যে সম্ভাবনা তৈরি হয়েছে সে সুযোগ কাজে লাগাতে বেসরকারি খাতকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিনিয়োগ বোর্ড।
মঙ্গলবার রাজধানীর মতিঝিলে বিনিয়োগ বোর্ড কার্যালয়ে 'ব্লু ইকোনমি (সমুদ্রসম্পদ ব্যবহারের মাধ্যমে দরিদ্র্যতা থেকে উত্তরণ)' নিয়ে এক সংলাপে এসব কথা উঠে এসেছে।
তবে সম্পদ আহরণের জন্য কৌশলগত পরিকল্পনা প্রণয়ন ও বিস্তর সমীক্ষা চালানোর পরামর্শ দিয়েছেন আলোচকরা।
সমুদ্র বিষয়ক আন্তর্জাতিক আদালতের রায়ে প্রায় সোয়া লাখ বর্গকিলোমিটারের মধ্যে সমস্ত প্রাকৃতিক সম্পদ আহরণে এখন একচ্ছত্র আধিপত্য বাংলাদেশের। কিন্তু এ সম্পদ আহরণে কতোটুকু প্রস্তুত বাংলাদেশ? বিষদ পর্যালোচনা ও সম্পদ আহরণের কৌশল নির্ধারণ করতে আলোচনা সভার আয়োজন করে বিনিয়োগ বোর্ড।
সভায় সমুদ্র সম্পদ আহরণে কর্মপন্থা নিয়ে মুল প্রবন্ধ উপস্থাপন করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সমুদ্র সম্পর্কিত ইউনিটের সচিব রিয়ার অ্যাডমিরাল খুরশেদ আলম।
প্রবন্ধে তিনি বলেন, ৬৬৭ কি.মি এলাকা পর্যন্ত মাছ ধরার সুযোগ থাকলেও প্রযুক্তিগত দুর্বলতার কারণে বাংলাদেশ মাত্র ২৫-৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে।
আমদানি-রপ্তানি বাণিজ্য, জাহাজ তৈরিতেও বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
আলোচকরা বলেন, যে দেশ যতো বেশি সমুদ্রকে ব্যবহার করতে পেরেছে সেদেশ ততো উন্নয়ন করেছে। সমুদ্রকে ব্যবহার করে উন্নত বিশ্বের কাতারে দাঁড়াতে পারে বাংলাদেশও।
তবে এসব সম্পদের সুফল পেতে অনেক গবেষণা, সমীক্ষা ও কৌশলগত পরিকল্পনা প্রয়োজন বলে জানান তারা।
অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেন, যে কোনো কাজেই বিনিয়োগ দরকার। সেক্ষেত্রে ব্যাংক বড় ভূমিকা পালন করে।
কিন্তু ব্যাংক লোপাট হলে দেশে বিনিয়োগ হবে না। এজন্য নিয়ম মেনে ব্যাংক থেকে ঋণ সুবিধা নিয়ে বিনিয়োগ করার পরামর্শ দিয়েছেন তিনি।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদ বলেন, 'সমুদ্রসম্পদ ব্যবহারে নতুন বিনিয়োগ চায় বোর্ড।' এজন্য প্রয়োজনে প্রণোদনার ব্যবস্থা রাখার কথা জানান।
সমুদ্রে বিনিয়োগে বেসরকারি খাতকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বিনিয়োগ বোর্ড।
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এসএ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
'ব্লু ইকনোমির ব্যাপারে জনসচেতনতা প্রয়োজন—এ কথা উল্লেখ করে তিনি এ খাতে বেসরকারি উদ্যোক্তাদের এগিয়ে আসার আহ্বান জানান।