হজ সম্পর্কে সহজে তথ্য পাওয়ার জন্য বর্তমান সরকার এ ব্যবস্থাপনা ডিজিটাল করেছে—জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আশকোনায় হজ ক্যাম্প কার্যক্রম-২০১৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
সাধারণ মানুষের স্বার্থে ঘোষিত শিক্ষা নীতিমালায় নামাজ শিক্ষাকে বাধ্যতামূলক করা হয়েছে— সরকার হজযাত্রীদের সুযোগ-সুবিধার ব্যাপারে সাম্ভাব্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলেও এ সময় জানান প্রধানমন্ত্রী।
দেশের মানুষের শান্তি ও জীবনমানের উন্নয়ন কামনা করে পবিত্র মক্কা ও মদিনায় দোয়া করার জন্য হজযাত্রীদের আহ্বান জানান প্রধানমন্ত্রী।
আমরা পবিত্র কোরআন শরীফের উচ্চারণ ও বাংলা অর্থসহ ডিজিটাল সংস্করণ চালু করেছি—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, হজের সময় যে কোনো তথ্য পেতে যাতে কষ্ট না হয় সেজন্য অনলাইনে হজ সম্পর্কে তথ্য পাওয়ার ব্যবস্থা করা হয়েছে।
হজের সময় মক্কা ও মদিনায় বাংলাদেশি হাজীদের জন্য সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেন, হজ ব্যবস্থাপনা সহজ করার স্বার্থে যা যা করণীয় তা করা হয়েছে। যখনই কোনো ত্রুটি ধরা পড়েছে তা সংশোধন করা হয়েছে।
এ সময় হজ নীতিমালা সহজ করায় সৌদি সরকারকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, সৌদি সরকারের সহায়তায় আওয়ামী লীগ দেশে মসজিদ সম্প্রসারণ ও উন্নয়নের কাজ করেছে।
এছাড়া বিভিন্ন সময়ে ইসলাম ধর্ম প্রচারে আওয়ামী লীগ সরকার সব সময় সচেষ্ট বলেও জানান তিনি।