সংসদের আসন্ন অধিবেশনেই সংবিধানের ষোড়শ সংশোধনী প্রস্তাব আনা হচ্ছে। বিচারপতিদের অভিশংসন ক্ষমতা সংসদের কাছে ফিরিয়ে দিতে এরইমধ্যে এ আইনের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছে।
১৯৭২ এর মূল সংবিধানে বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ছিল। পঞ্চম সংশোধনীর মাধ্যমে সামরিক শাসক জিয়াউর রহমান তা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের হাতে তুলে দেন। ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীতে সংবিধানের অনেক রদবদল করা হলেও ৯৬ অনুচ্ছেদের ওই ধারাটি তেমনই রয়ে যায়।
সম্প্রতি বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সরকারের কাছে সুপারিশ করে আইন কমিশন। তার ভিত্তিতেই ফের সংবিধান সংশোধনের উদ্যোগ নেয় সরকার। আইনের খসড়াও অনুমোদিত হয় মন্ত্রিসভায়।
আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক দেশ টিভিকে জানিয়েছেন, সংসদের এ অধিবেশনেই এ সংক্রান্ত বিলটি পাস করার পরিকল্পনা রয়েছে সরকারের। বিচার বিভাগের জবাবদিহিতা স্পষ্ট করতেই এই উদ্যোগ নেয়া হচ্ছে।
তিনি আরো বলেন, আগামী ১ সেপ্টেম্বর শুরু হতে যাওয়া সংসদ অধিবেশনেই তা বিল আকারে ওঠানো হবে।
তার মতে সংসদ জনগণের প্রতিনিধিত্ব করে। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পীকার- সবাইকে সংসদের কাছে জবাবদিহি করতে হলেও বিচারপতিদের করতে হয় না।
তাই বিচারবিভাগের স্বচ্ছতা ও জবাবদিহিতার জন্যই এ বিল আনা হচ্ছে। সংবিধান সংশোধনের মাধ্যমে এ অধিবেশনেই বিলটি পাস হতে পারে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।