বংলাদেশের মাটিতে কোনোদিনই একাত্তরের পরাজিত শক্তি ও তার দোসরদের উত্থান হতে দেয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত শোক দিবসের জনসভায় এ কথা বলেন তিনি।
শেখ বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে মানবতাবিরোধী অপরাধের রায় কার্যকর হয়েছে আর যেগুলো বাকি আছে সেগুলো পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে খুনি ও বিএনপিকে খুনের দল আখ্যায়িত করে প্রধানমন্ত্রী বলেন, তারা ক্ষমতায় থাকলেও মানুষ খুন করে আর ক্ষমতার বাইরে থাকলে নির্বাচন ঠেকানোর আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে হত্যা করে।
সোহরাওয়ার্দী উদ্যানের জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা অভিযোগ করেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মদদেই ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।
বিএনপি সবসময়ই দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে রাখতে চায় মন্তব্য করে তিনি বলেন, তাদের কাজই হলো মানুষ হত্যা করা।
জিয়াউর রহমান স্বাধীনতাবিরোধীদের রাজনীতিতে নিয়ে এসেছিলেন আর বিএনপি চেয়ারপারসন তাদের হাতে স্বাধীন দেশের পতাকা তুলে দিয়েছিলেন বলেও মন্তব্য করে তার সমালোচনা করেন প্রধানমন্ত্রী।
দুপুরের পর থেকেই দলের বিভিন্ন থানা-ওয়ার্ড এবং সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা মিছিল নিয়ে সভায় যোগ দেয়। এতে দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।