মাওলানা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে ইসলামী ছাত্রসেনার ডাকে দেশের বিভিন্ন স্থানে আধাবেলা হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। তবে রাজধানীতে হরতালের তেমন কোনো প্রভাব পড়েনি, যান চলাচল ছিল স্বাভাবিক। এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে হরতাল সমর্থকরা।
রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, গুলিস্তান, পল্টন, প্রেসক্লাব শাহবাগ ও কারওয়ান বাজার এলাকায় যাত্রীবাহী বাস, প্রাইভেট কার, সিএনজি চালিত অটোরিকশা ও রিকশা স্বাভাবিক দিনের মতোই চলাচল করে। অফিসগামী লোকজন ও শিক্ষার্থীদের নিজ নিজ গন্তব্যে যেতে দেখা য়ায়।
এছাড়া, রাজধানীসহ গুরুত্বপূর্ণ সড়ক ও স্থানগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আর ঢাকার বাইরে থেকে ছেড়ে আসা দূরপাল্লার বাসগুলো রাজধানীতে প্রবেশ করতে দেখা যায়।
এদিকে, হরতালে বন্দরনগরী চট্টগ্রামে যান চলাচল ছিল অন্যান্য দিনের চেয়ে কম। নগরীর বিভিন্ন স্থানে পিকেটাররা যান চলাচলে বাধা দেয়। সকালে সীতাকুণ্ড ও মাদামবিবিরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে হরতাল সমর্থকরা।
হরতালের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ কিছু সময়ের জন্য ছিল। আর বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মৌলভীবাজার ও কুমিল্লায় ৮ জনকে আটক করা হয়েছে।
এছাড়া, রাজধানীর বাইরে নারায়ণগঞ্জে হরতালের পরিস্থিতি স্বাভাবিক থাকলেও চাষাঢ়া, সাইনবোর্ড, শিবু-মার্কেট এলাকায় সকাল থেকে ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ থাকে।
এদিকে, ব্রাহ্মণবাড়িয়ায়ও মাওলানা নুরুল ইসলাম ফারুকী হত্যার প্রতিবাদে ও খুনীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে ডাকা অর্ধদিবস হরতাল পালন করা হয়। হরতালের সমর্থনে ভোর ৬টা থেকেই সুন্নাত ওয়াল জামাতের নেতাকর্মীরা শহরের আটটি পয়েন্টে অবস্থান নেয়।
হরতালের কারণে ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। শহর থেকে দূরপাল্লার কোনো যানবাহনও ছেড়ে যায়নি।
কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলি সেতুর কাছে রপ্তানিমুখী কয়েকটি ট্রাক আটকা পড়েছে। তবে রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।
এছাড়া, নাটোরেও শান্তিপূর্ণভাবে অর্ধদিবস হরতাল পালিত হচ্ছে। হরতাল চলাকালে অভ্যন্তরীণ বা দুরপাল্লার কোনো যানবাহন চলাচল করেনি। তবে কিছু ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। দোকান-পাটসহ সকল ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকে।
এছাড়া, পঞ্চগড়, গাজীপুর, নাটোর, ময়মনসিংহ, ফেনীসহ দেশের বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ হরতাল পালনের খবর পাওয়া গেছে।