বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয়ে জিয়াউর রহমান গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করেন—এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, তিনি দেশে কালো আইন পাস করে বঙ্গবন্ধুর খুনিদের রক্ষা করেন।
রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ১৫ আগস্ট শোক দিবস উপলক্ষে ছাত্রলীগ আয়োজিত ছাত্র সমাবেশের ভাষণে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের পর পাকিস্তানে ফিরে যাওয়া মানুষদের দেশে ফিরে এনে খুনের রাজত্ব কায়েম করেছিলেন জিয়াউর রহমান। তারই ধারাবাহিকতায় ৯৬ সালে খালেদা জিয়া ওইসব খুনিদের সংসদে বসার ব্যবস্থা করে দেন।
যুদ্ধপরাধীদের বিচার হবে। বাকিদের বিচার এ বাংলার মাটিতে হবেই বলে আবারো অঙ্গীকার করেন শেখ হাসিনা।
একটি ভাষণ প্রেরণা দিয়েছিল মুক্তিযুদ্ধের সময়। সেই ভাষণ মুক্তিযুদ্ধের চেতনাকে স্মরণ করিয়ে দিত, সেই ভাষণ ‘৭৫ এর পরে দেশে বাজানোর কোনো ব্যবস্থা ছিল না।
দেশের মানুষকে ভালবেসে রাজনীতি করতে হবে, ত্যাগের কথা স্মরণ করে রাজনীতি করতে হবে। ছাত্রলীগকে আজকে একটি কথা বলতে চাই ভোগে নয় ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী হতে হবে।
সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্র সমাবেশে শেখ হাসিনা বলেন, সব আন্দোলনে ছাত্রলীগের অস্তিত্ব সর্বত্র। আমি নিজেও ছাত্রলীগের সদস্য ছিলাম।
তিনি আরো বলেন, বাঙালি জাতির যত প্রাপ্তি সব ক্ষেত্রেই এর অবদান রয়েছে। প্রত্যেকটা আন্দোলন-সংগ্রামে বঙ্গমাতা প্রেরণা জুগিয়েছেন।