দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়েছে আজ। স্পিকার ড. শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় অধিবেশন শুরু করেন। বিচারকদের অভিশংসনের ক্ষমতা সংসদের হাতে ফিরিয়ে দিতে সংবিধানের ষোড়শ সংশোধনসহ বেশকিছু বিল উত্থাপনের কথা রয়েছে এ অধিবেশনে।
এদিকে, তৃতীয় অধিবেশন কতদিন চলবে তা নির্ধারণ করতে বিকেলে অনুষ্ঠিত হবে কার্য-উপদেষ্টা কমিটির বৈঠক।
সংবিধানের ৭২ অনুচ্ছেদের এক দফায় দেয়া ক্ষমতাবলে ১১ আগস্ট দশম জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মোহাম্মদ আবদুল হামিদ। স্পিকার ড. শিরিন শারমির চৌধুরীর সভাপতিত্বে বিকেল ৫টায় শুরু হবে অধিবেশন।
সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস হওয়ার কথা থাকায় উত্তপ্ত হতে পারে সংসদের এ অধিবেশন। বিলটি পাস হলে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অপসারণ-সংক্রান্ত সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান বাতিল হবে। বিচারপতিদের অভিসংশনের এ ক্ষমতা ফিরে পাবে সংসদ। এর মধ্যে সংবিধান সংশোধন-সংক্রান্ত খসড়া আইন অনুমোদন করেছে মন্ত্রিসভা।
এছাড়াও বেশকিছু গুরুত্বপূর্ণ বিল এ অধিবেশনে উত্থাপিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে-বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ সংশোধন বিল, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ গবেষণা বিল, দি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ বিল, খাগড়াছড়ি, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ বিল-২০১৪ নিয়েও বিতর্ক রয়েছে।
বিলগুলোর বিরুদ্ধে অবস্থান নিয়েছে বাম ঘরোয়ানার রাজনৈতিক দলসহ আদিবাসী ফোরামের নেতারা। এছাড়া জাতীয় সংসদে প্রধান বিরোধীদল জাতীয় পার্টি এ অধিবেশনে সংবিধান সংশোধনসহ বিভিন্ন ইস্যুতে কথা বলবে বলেও জানা গেছে।