কোন হুমকিই সন্ত্রাস ও সন্ত্রাসীদের বিরুদ্ধে নেয়া কঠোর অবস্থান থেকে সরকারকে সরাতে পারবে না বলে সাফ জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার রাজধানীর হোটেল রেডিসনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের প্রতিরক্ষা গোয়েন্দা প্রধানদের ৫ দিনের সম্মেলন উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
সম্মেলনে শেখ হাসিনা বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে।
সন্ত্রাসীরা বিশ্ব শান্তির অন্তরায়— উল্লেখ করে প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরে সন্ত্রাস মোকাবেলায় সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে দেশে উগ্র-জঙ্গিদের উৎত্থান ঘটেছে। এসব জঙ্গিগোষ্ঠী সাধারণ মানুষের জানমালের পাশাপাশি বিশ্ব শান্তির জন্য হুমকি স্বরুপ হয়ে দেখা দিয়েছে। বিশ্ব শান্তি বজায় রাখার জন্য জঙ্গিগোষ্ঠীর মোকাবেলা আজ শান্তিকামী দেশগুলোর জন্য একটি বিরাট চ্যালেঞ্জ।’
এ সময় সন্ত্রাসীদের মোকাবেলায় পারস্পরিক সহযোগিতা ও সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
শেখ হাসিনা বলেন, ‘এক অভুতপূর্ব রক্তপাতের মধ্যে দিয়ে জন্ম নেয়া বাংলাদেশের জনগণ সব সময় শান্তির পথে অবস্থান করছে।’
সম্মেলনের মধ্যদিয়ে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধির পাশাপাশি সন্ত্রাসবাদ মোকাবেলায় নতুন কর্মকৌশল বের হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।
পাঁচদিনের এ সম্মেলনে ২৭টি দেশের সামরিক গোয়েন্দা প্রধানরা অংশ নিয়েছেন।