কোনোভাবেই নদী-নালা, খাল-বিল নষ্ট হতে দেয়া যাবে না বলে জনিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী বাংলাদেশের প্রাণ, একে রক্ষা করতেই হবে বলেও জানান তিনি। বুধবার প্রধানমন্ত্রী কার্যালয়ে ঢাকার চারপাশের নদ-নদী দূষণমুক্ত রাখায় করণীয় সম্পর্কে আইডিইবি কর্মকর্তাদের তিনি এ কথা বলেন।
দেশের উন্নয়নের জন্য নদীগুলোকে রক্ষা করা অপরিহার্য বলেও জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘আমরা শুধু বিভিন্ন কথা শুনে যাচ্ছি কিস্তু কী কারণে এ সমস্যাটা? এটার জন্য কেউ কার্যকর ভূমিকা নেয়নি। তাই আমদের সরকার কিছু কিছু কাজ করে যাচ্ছে এবং এ সমস্যার সমাধানের চেষ্টা করছে। নদীকে যদি আমরা রক্ষা করতে না পারি তাহলে আমাদের পরিবেশ নষ্ট হবে এবং এর ফলে দেশের উন্নতি তরান্নিত হবে না।’
এছাড়া, নদীকে বাংলাদেশের জীবন অভিহিত করে শেখ হাসিনা বলেন, কোনোভাবেই নদীগুলোকে নষ্ট হতে দেওয়া যাবে না।
তিনি বলেন, ‘নদী মাতৃক দেশ আমাদের এ বাংলাদেশ এবং এটাও মনে রাখতে হবে যে বাংলাদেশ একটি ব’দ্বীপ। কাজেই এ ব’দ্বীপে প্রচুর পলি আসবে এবং এ পলি দিয়েই তো বাংলাদেশে গড়ে উঠেছে। নদীগুলোকে বাংলাদেশের শিরা-উপশিরা তাই কোনো মতেই যেনো নদী-নালা, খাল, বিল নষ্ট না হয়। যদি নষ্ট হয় তাহলে আমাদের দেশের ক্ষতি হয়ে যাবে।’
আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের এ সুপারিশমালার ভিত্তিতে আলোচনার মাধ্যমে নদীদূষণমুক্ত করনে যথাযথ ব্যবস্থা নেয়া সহজ হবে বলেও জানান প্রধানমন্ত্রী।