একটি বই যতো বাজেই হোক না কেন তা বাজেয়াপ্ত করা উচিত হবে না বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
রাজধানীর গণগ্রন্থাগার চত্বরে বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির উদ্যোগে আয়োজিত 'মহানগর বই উৎসব ২০১৪' উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, একটি বই যতো বাজেই হোক না কেন সেটাকে বাজেয়াপ্ত করার পক্ষে আমি নই।
সংসদে ১৯৭১: ভেতরে বাইরে' বইয়ের সমালোচকদের উদ্দেশ্যে অর্থমন্ত্রী বলেন, যদি ঘৃণা প্রকাশ করতে হয় তবে আপনাদের উচিত আরেকটি বই লেখা। আমি এ ধরনের সেন্সরশিপের পক্ষে নই।
গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে মুক্তিযুদ্ধের উপ-প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই '১৯৭১: ভেতরে বাইরে' বাজেয়াপ্তের দাবির মুখে এ কথা বলেন তিনি।
৪৫টি প্রকাশনী সংস্থার অংশগ্রহণে গণগ্রন্থাগার চত্বরে আজ (শুক্রবার) থেকে শুরু হওয়া বই উৎসব চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রসঙ্গত, মুক্তিযুদ্ধের উপ-প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) ও সাবেক পরিকল্পনামন্ত্রী এ কে খন্দকারের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক বই '১৯৭১: ভেতরে বাইরে' বাজেয়াপ্তের দাবিতে গতকাল বৃহস্পতিবার উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদ।