আল-কায়েদা ও জঙ্গিগোষ্ঠী সম্পর্কে সরকার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় সতর্ক রয়েছে—জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শুক্রবার সকালে রাজধানীর উত্তরা পশ্চিম থানার উত্তরা ৯ নম্বর সেক্টরে জামেয়াতুস সাহারা মাদ্রাসা মাঠে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত আলোচনায় এ কথা বলেন তিনি।
আল কায়েদা সম্পর্কে একটি তথ্য ইতোমধেই্য বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘সেদিকে আমাদের কঠোর নজর আছে। এ ধরনের কোন কিছুকেই আমরা অবহেলা করছিনা। এ সবের সত্যতা ও গুরুত্ব কতটুকু সেটি আমরা খতিয়ে দেখব। এখনও পর্যন্ত সবকিছু আমাদের নিয়ন্ত্রণের মধ্যে আছে।’
আসাদুজ্জামান খান কামাল মাওলানা ফারুকী হত্যাকাণ্ডের কথা উল্লেখ করে বলেন, এ হত্যাকাণ্ডের তদন্ত চলছে, তদন্ত শেষ হলে সব কিছু বলা যাবে।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক শামীম মো. আফজাল, মাওলানা আশিকুল ইসলাম যুক্তিবাদী, বৃহত্তর উত্তরা থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এস,এম তোফাজ্জাল হোসেন, সাংগঠনিক সম্পাদক আফছার উদ্দিন খান, মহানগর যুবলীগ ( উত্তর) সাংগঠনিক সম্পাদক মো. মামুন সরকার প্রকৌশলী আনোয়ারু ইসলাম প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। সূত্র বাসস।