আর্থ-সামাজিক উন্নয়ন বজায় রাখতে বাংলাদেশে সুশাসন ও মানবাধিকার রক্ষা জরুরি—জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে বৈঠকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এ বিষয়ে একমত হয়েছেন। শনিবার শিনজো আবের সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের পর বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় আবের বরাত দিয়ে শমসের মবিন বলেন, নিজেদের রাজনৈতিক সমস্যা নিজেদেরকেই সমাধান করতে হবে। সেইসঙ্গে ৫ জানুয়ারির নির্বাচন সম্পর্কে জাপান অবগত রয়েছে।
তিনি আরো বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী বলেছেন, গত ৫ জানুয়ারির নির্বাচনে অনেক বড় দল অংশ নেয়নি। এ ব্যাপারে জাপান সরকার অবগত রয়েছে।’
এ সময় খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ, রিয়াজ রহমান, এম মোরশেদ খান ও ভাইস চেয়ারম্যান শমসের মোবিন চৌধুরী।
পরে বিরোধীদলীয় নেতা রওশন এরশাদও শিনজো আবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উভয় পক্ষই নিজেদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে এবং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন।