বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের ১১টি দেশের স্বাস্থ্যমন্ত্রীদের ৩২তম সভা এবং রিজিওনাল কমিটির ৬৭তম সভা বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সোমবার হোটেল সোনারগাঁও আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা বলেন।
নাসিম বলেন, এ সভা এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যখন এ অঞ্চল পোলিও এর বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে বিজয়ী হয়েছেন। এরইমধ্যে ১১টি দেশের মন্ত্রীরা বাংলাদেশে উপস্থিত রয়েছেন।
তিনি আরো বলেন, উচ্চ রক্তচাপ সংক্রান্ত গত বছরের দিল্লি ঘোষণা, মশা, মাছি, ছারপোকা ইত্যাদি পোষকবাহিত রোগ সংক্রান্ত এবারের ঢাকা ঘোষণাসহ জলবায়ু পরিবর্তনের কারণে স্বাস্থ্যজনিত বিরুপ প্রতিক্রিয়ার বিষয়গুলো নিয়ে সভায় আলোচনা করা হবে।
আগামীকাল মঙ্গলবার সকালে সভার উদ্ধোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।