মার্কিন যুক্তরাষ্ট্রে ভিসার আবেদন প্রক্রিয়া আরো সহজ হয়েছে—নতুন নিয়মানুযায়ী ভিসা আবেদনকারী অনলাইনে আবেদন করে নিজের পছন্দ মতো সাক্ষাৎকারের সময়সূচি ঠিক করে নিতে পারবেন।
সোমবার ঢাকায় আমেরিকান সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য দেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের কনসুল্যার বিষয়ক ভারপ্রাপ্ত সহকারি সচিব মিশেল থোরেন বন্ড।
নতুন নিময় সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে মিশেল থোরেন বলেন, নতুন পদ্ধতিতে www.USTravelDocs.com/bd ওয়েব ঠিকানায় লগইন করে ভিসা আবেদনকারীরা ভিসার জন্য আবেদন করতে পারবেন। নতুন ওয়েবসাইট ও কল সেন্টার থেকে বাংলা ও ইংরেজিতে তথ্য দেয়া হবে। এতে ভিসার আবেদন সংক্রান্ত তথ্য পাওয়া আরও সহজ হবে।
আবেদন প্রক্রিয়ায় যে কোনো সহায়তার জন্য কল সেন্টারে ফোন করে বাংলা ও ইংরেজি উভয় ভাষায় সহায়তা নিতে পারবেন। আগামী ১৪ সেপ্টেম্বর থেকে নতুন নিময় চালু হবে। কল সেন্টার রবি থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চালু থাকবে বলে জানান তিনি।
নতুন নিময় চালুর সম্পর্কে মিশেল থোরেন বন্ড বলেন, বাংলাদেশে মধ্যবিত্ত জনগোষ্ঠী বাড়ছে এবং যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য ভিসার আবেদনও বাড়ছে। এ কারণে ভিসা প্রাপ্তি সহজ করার জন্য এ প্রক্রিয়ায় পরিবর্তন আনা হয়েছে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মিশেল থোরেন বন্ড আরো বলেন, ভিসা প্রদান নীতিমালার সঙ্গে আবেদন সামঞ্জস্যপূর্ণ না হলে ভিসার আবেদন বাতিল করা হয়।
গত ২০১৩ সালে বাংলাদেশ থেকে ৭০ হাজার ভিসার আবেদনের মধ্যে ৩০ হাজার জনের ভিসা অনুমোদন করা হয়। এর মধ্যে প্রায় ২ হাজার শিক্ষার্থী ছিলেন।
সংবাদ সম্মেলনে ঢাকায় নিযুক্ত বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত ড্যান মজিনা, কনসাল জেনারেল এলিজাবেথ গোল্ড লে এবং প্রেস অ্যান্ড ইনফরমেশন অফিসার মনিকা শাই উপস্থিত ছিলেন।