সংবিধান সংশোধন বিলে বিশেষজ্ঞদের মতামত নেয়া হবে না – জানিয়েছেন আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত। বুধবার জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবিধান সংশোধন বিলের ব্যাপারে বিশেষজ্ঞদের মতামত নেয়া হচ্ছে না— এ কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিল পাস হওয়ার পর এ বিষয়ে যে আইন হবে, সেখানে বিশেজ্ঞদের ডাকা হবে।
সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘৯৬ আর্টেকেলে যেটা বর্তমান সংবিধানে আছে ১ এটা আমরা রেখে দিয়েছি। তাহলে বর্তমানও আছে অতীতও আছে । মধ্যখানে কিছু রিনানডেন্ট ছিল এই চারটি বাদ দেয়া হয়েছে। এতএব আমরা আলোচনাটা কি করবো।’
কমিটি যাচাই-বাছাই করে বিল চূড়ান্ত করেছে। দু-একদিনের মধ্যে সংসদে প্রতিবেদন দেয়া হবে বলে জানান তিনি।
সংবাদ সম্মেলনে কমিটির সদস্য জিয়াউল হক মৃধা বলেন, জাতীয় পার্টির বিলের বিরোধিতা করার কথা ছিল তবে আলাপ-আলোচনার পর দেখা গেছে, বিল নিয়ে বাইরে যে আলোচনা-সমালোচনা হচ্ছে, সেটা ঠিক না। বিল পর্যালোচনা করে দেখা গেছে বিলটি সঠিক। স্বাধীন বিচার বিভাগের জন্য এ আইনের প্রয়োজন আছে। সুতরাং জাতীয় পার্টি বিলের বিরোধিতা করছে না।
উল্লেখ্য, ৭ সেপ্টেম্বর রোববার সংবিধানের ষোড়শ সংশোধনী বিল সংসদে উত্থাপন করেন আইনমন্ত্রী আনিসুল হক। বিলের প্রস্তাবনায় ভুল থাকায় শেষ পর্যন্ত সংশোধিত আকারে বিলটি উত্থাপিত হয়।