মুক্তিযুদ্ধ না করেই সনদ নেয়ার অভিযোগে চার সচিব ও একজন যুগ্ম সচিবের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া চিঠি পেয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন সচিব কামাল আবদুল নাসের চৌধুরী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল নাসের চৌধুরী বলেন, চিঠি এখন যাচাই–বাছাই করে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।
এর আগে গত সোমবার ওই পাঁচ জনের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য জনপ্রশাসন ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ে সুপারিশ করে চিঠি পাঠায় দুদক।
অভিযুক্ত সচিবেরা হলেন: স্বাস্থ্যসচিব নিয়াজ উদ্দিন মিয়া, সদ্য ওএসডি হওয়া মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, সরকারি কর্মকমিশনের (পিএসসি) সচিব এ কে এম আমির হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান (বর্তমানে প্রতিমন্ত্রী মর্যাদায় বেসরকারীকরণ কমিশনের চেয়ারম্যান) ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (ওএসডি) আবুল কাশেম তালুকদার। দুদকের অনুসন্ধানে তাদের মুক্তিযোদ্ধা সনদ নেয়ার প্রক্রিয়ায় অনিয়মের সত্যতা পাওয়া গেছে।